প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ঐতিহ্যবাহী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন। শনিবার (১৩ জুন) দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি দেশের প্রথম এই সাফারি পার্ক পরিদর্শনে যান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। তাঁরা পার্কের ভেতরের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন এবং বন্য প্রাণীর বিচরণ প্রত্যক্ষ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এর আগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করার পর প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচি স্থলে যান। গাড়ির পাশের আসনে বসা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখান থেকে আবারও নিজেই গাড়ি চালিয়ে চকোরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে সাফারি পার্ক পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার স্থানীয় সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা সমবেত হন। তাঁরা ফুল ছিটিয়ে ও হাত নেড়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিভিন্ন স্লোগান দেন।
সমুদ্রসৈকতের জন্য পরিচিত কক্সবাজারে বহু পর্যটক গেলেও জেলার অন্যতম বড় আকর্ষণ ডুলাহাজারা সাফারি পার্ক। পাহাড়, প্রাকৃতিক বন, জলাধার আর উন্মুক্ত পরিবেশে বিচরণকারী শত শত বন্য প্রাণী নিয়ে গড়ে উঠেছে এই অনন্য প্রাকৃতিক জগৎ।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবস্থিত এই পার্কটি চট্টগ্রাম শহর থেকে প্রায় ১০৭ কিলোমিটার এবং কক্সবাজার শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে অবস্থিত। ১৯৮০-৮১ অর্থবছরে ৪২ দশমিক ৫ হেক্টর বনভূমি নিয়ে এখানে প্রথম একটি হরিণ প্রজননকেন্দ্র গড়ে তোলে বন বিভাগ। পরবর্তীতে এই বনাঞ্চলকে কেন্দ্র করেই দেশের প্রথম পূর্ণাঙ্গ সাফারি পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
দেশবার্তা/একে