চীনের ইউনান প্রদেশে চার দিনের সরকারি সফর শেষে শনিবার দুপুর ২টায় ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল।
চীনের কুনমিং বিমানবন্দরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে ভিআইপি প্রটোকলে বিদায় জানান ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুআন ফাং। কুনমিংয়ের স্থানীয় সময় বেলা ১২টা ২৫ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেয় সংসদীয় দলটি।
ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে গত ১১ জুন কুনমিংয়ে আয়োজিত ৭ম চায়না-সাউথ এশিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল (এমপি)।
এই কোঅপারেশন ফোরামে আরও বক্তব্য রাখেন ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউরো, নেপাল ন্যাশনাল অ্যাসেম্বলির ভাইস চেয়ারম্যান লায়লা কুমারী বান্দরী, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. ইরাথিশাম আদাম, শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুন হিমাচন্দ্র, সার্কের মহাসচিব মো. গোলাম সরওয়ার, চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিলুর রহমান, আফগানিস্তানের রাষ্ট্রদূত আসাদুল্লাহ বিলাল কারিমি, ভুটানের শিল্প, কর্মসংস্থান ও বাণিজ্য মন্ত্রী কর্মা দর্জিসহ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এছাড়া ডেপুটি স্পিকার ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনেও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এবারের এক্সপোজিশনে থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের পণ্য নিয়ে ৮৪টি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। আগামী ১৬ জুন পর্যন্ত চলমান এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিশ্বের ৬৮টি দেশ অংশগ্রহণ করছে।
সফরকালে ডেপুটি স্পিকার চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইয়োবোর সাথে একান্ত বৈঠকে মিলিত হন।
দ্বিপাক্ষিক বৈঠকে ডেপুটি স্পিকার কুনমিং-চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। একই সঙ্গে তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা সহযোগিতা অব্যাহত রাখাসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ইকোনমিক জোন, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে চীনের ক্রমবর্ধমান সহযোগিতার আহ্বান জানান।
বৈঠকে ডেপুটি স্পিকার চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে জানান, এই মাসের শেষের দিকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকারের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে।
চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের সাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বিভিন্ন উন্নয়ন খাতে সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে তারা সর্বাধিক গুরুত্বের সাথে দেখছেন বলেও উল্লেখ করেন।
চীনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ডেপুটি স্পিকারের এই সফরের ফলে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উন্নতি এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুনমিং আন্তর্জাতিক বিমান বন্দরে আসার পথে আজ সকালে ডেপুটি স্পিকার ইউনান প্রদেশে চালকবিহীন ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার একটি পাইলট প্রকল্প পরিদর্শন করেন।
চীনের ইউনান প্রদেশের এই ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থাপনা কেবল নতুন সড়ক বা রেলপথ নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি স্মার্ট, সবুজ, নিরাপদ এবং সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা মডেল হিসেবে গড়ে উঠছে। ‘ডিজিটাল ইউনান’ কর্মসূচির অংশ হিসেবে পরিবহন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বিগ ডেটা এবং ইন্টারনেট অব থিংস (IoT) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর আওতায় রিয়েল-টাইম ট্রাফিক পর্যবেক্ষণ, স্মার্ট ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ, দুর্ঘটনা শনাক্তকরণ, যাত্রীদের জন্য একীভূত তথ্যসেবা প্ল্যাটফর্ম এবং ই-টোল ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
সংসদীয় দলের অন্য সদস্যরা হলেন- এনসিপির সদস্য সচিব আকতার হোসেন (এমপি), বিএনপিদলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এবং সংরক্ষিত আসনের স্বতন্ত্র এমপি জেসমিন সুলতানা জুঁই।
দেশবার্তা/একে