নওগাঁর মহাদেবপুরে এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নির্যাতনের এ ঘটনায় পুরো জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে নির্যাতনের শিকার হাসিনা বানু (৫৪) বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি দখল, সাধারণ মানুষকে নির্যাতন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিএনপি নেতা আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে গত বৃহস্পতিবার স্থানীয় গাহলী বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে হাসিনা বানু বক্তব্য দেন।
পরিবারের অভিযোগ, মানববন্ধনে বক্তব্য দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের নির্দেশে ১৫–২০ জনের একটি দল শুক্রবার সকালে মহিষবাথান সরদারপাড়ায় তার বাড়িতে গিয়ে হাসিনা বানুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে একটি ডাব গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাসিনা বানু ও তার স্বামী আহাদ আলী ওরফে বাবর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোনে বিএনপি নেতা আব্দুল মতিন মণ্ডল বলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি পক্ষ এ ধরনের ঘটনা সাজিয়েছে বলে তিনি দাবি করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলসহ ৬ জনকে আসামি করে শনিবার দুপুরে মামলা করা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/আরএইচ