পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেম শেখকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অসামাজিক ও শৃঙ্খলাভঙ্গমূলক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাবনার আতাইকুলা থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তার হওয়া আবুল কাশেম শেখ পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার সারারাত অভিযান চালানো হয়। একপর্যায়ে আজ ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে দলীয় শৃঙ্খলা ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আবুল কাশেমকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি এহতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কারের পাশাপাশি তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেমকে একমাত্র আসামি করে আতাইকুলা থানায় মামলা করেন। এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে গত রবিবার স্থানীয় ক্ষুব্ধ জনতা কাশেমের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
প্রতিনিধি/আরএইচ