রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল ঢাকার বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার এক সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক।
বৈঠক সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সামগ্রিক যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দুটি দীর্ঘদিন ধরেই নগরীর তীব্র যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত। এই পরিস্থিতির উত্তরণে নগরীর ভেতর থেকে এসব টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার উপকণ্ঠে উপযুক্ত স্থানে স্থানান্তরের বিষয়ে দ্রুত ও প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে