ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশনটা অনন্য এক ‘মেসিময়’ রাত দিয়ে শুরু করল আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। মহাতারকার এই হ্যাটট্রিকের রাতে যেমন আর্জেন্টিনা পেয়েছে বড় জয়, তেমনি একের পর এক রেকর্ড ভেঙে ফুটবল ইতিহাস নতুন করে লিখেছেন মেসি নিজে।
কাকতালীয়ভাবে, ঠিক ২০ বছর আগে একই দিনে (স্থানীয় সময় ১৬ জুন) আর্জেন্টিনার জার্সিতে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। সেদিন বদলি নেমে দলটির সর্বকনিষ্ঠ (১৮ বছর ৩৫৮ দিন) ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েছিলেন তিনি। আর আজ, নিজের ৩৯তম জন্মদিনের মাত্র এক সপ্তাহ আগে, আর্জেন্টিনার সবচেয়ে বেশি বয়সী (৩৮ বছর ৩৫৭ দিন) ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোলের কীর্তি গড়লেন এই মহাতারকা।
আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার অনন্য রেকর্ড গড়েন মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম এবং বিশ্বকাপে নিজের ২৭তম ম্যাচটিকে তিনি স্মরণীয় করে রাখলেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক দিয়ে।
ম্যাচের শুরু থেকেই চেনা ছন্দে ছিল আলবেনি সেলেস্তেরা। ম্যাচের ১৭ মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে নেন অধিনায়ক মেসি। মাঝমাঠ থেকে রদ্রিগো ডি পলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ২৫ গজ দূর থেকে চিরাচরিত বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে গোল করেন তিনি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দু‘হাত বাড়িয়েও সেই শট রুখতে পারেননি।
ম্যাচের দ্বিতীয় ও নিজের দ্বিতীয় গোলটি মেসি করেন ৬০ মিনিটে। মাঝমাঠের তারকা অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের একটি জোরালো শট ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের পুত্র ও আলজেরিয়ান গোলরক্ষক লুকা জিদান। তাঁর হাত থেকে ছিটকে আসা বলের সামনেই পজিশনে ছিলেন মেসি, আলতো ছোঁয়ায় বল জালে জড়াতে ভুল করেননি তিনি। এরপর ৭৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক মাটি কামড়ানো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন এলএমটেন (LM10)।
এই হ্যাটট্রিকের সুবাদে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২০তম এবং বিশ্বকাপের ১৬তম গোলের দেখা পেলেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসালেন তিনি। পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার নতুন কীর্তি এখন মেসির দখলে।
পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে আলজেরিয়া কিছুটা এগিয়ে (৫২ শতাংশ) থাকলেও আর্জেন্টিনার রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি তারা। গোলের উদ্দেশ্যে নেওয়া আলজেরিয়ার শটগুলোর মধ্যে মাত্র একটি ছিল অন-টার্গেট। বিপরীতে, আর্জেন্টিনার নেওয়া শটের ৬টিই ছিল গোলমুখে। আলজেরিয়ার রক্ষণভাগ মেসিকে কড়া মার্কিংয়ে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়, যার খেসারত দিতে হয়েছে তাদের বড় পরাজয় দিয়ে।
দেশবার্তা/একে