ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
বিভাজনের সংস্কৃতি থেকে বের হতে চাই
প্রতিশোধ নেওয়ার মানসিকতা পরিহার করতে হবে: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২০:২১ আপডেট: ১৬.০৬.২০২৬ ২০:৫৩  (ভিজিটর : )

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক ব্যতিক্রমী আয়োজনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো ব্যানার-ফেস্টুন কিংবা প্রথাগত বক্তৃতার ঘনঘটা ছিল না সেখানে; একমাত্র বক্তা হিসেবে সাংবাদিকদের নানা প্রশ্নের খোলামেলা জবাব দেন তিনি।

বিএনপি বিটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং মঙ্গলবার এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। খাবারের মেন্যুতে ছিল বাঙালি ঘরানার সাদা ভাত, ঢেঁড়স ভাজি, ডিম কারি, পাবদা মাছ ও ডাল।

মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় মূল মতবিনিময় পর্ব। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রেস সচিব সালেহ্ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। দীর্ঘ সময় বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন বিটের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য ও বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের স্পেশাল করেসপন্ডেন্ট সুমন মাহমুদ।

বিএনপি বিটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময়।

বিএনপি বিটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মত বিনিময়।


প্রতিশোধ নিলেই কি হারানো দিন ফিরে পাব?

বিগত ১৭ বছরের শাসনামলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর পুলিশের দমন-পীড়ন ও কষ্টের ইতিহাস শুনে আবেগআপ্লুত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘শাসকের অত্যাচারের মাত্রা বেশি হলে জনগণ রাজপথে নেমে আসে। সর্বশেষ তার প্রমাণ আমরা পেয়েছি ২০২৪ সালের ৫ আগস্ট।’

আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতার কারণেই বিএনপির অনেক নেতা সে সময় গ্রেপ্তার এড়াতে পেরেছিলেন।’

ক্ষমতা পেলেই প্রতিশোধ নেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান নিজের ওপর ওয়ান-ইলেভেন (১/১১) আমলের শারীরিক নির্যাতনের স্মৃতিচারণ করেন। 

তিনি বলেন, ‘জেল, শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্য দিয়ে আমি এসেছি। পিঠের একটা হাড় এখনও ঠিকভাবে জোড়া লাগেনি। কারণ, হাড় ভাঙার পর তারা আমাকে ফেলে রেখেছিল, চিকিৎসা দেয়নি। ফলে কয়েক ঘণ্টার মধ্যেই সেই হাড় বাঁকা হয়ে জোড়া লেগে গেছে। আজ আমি যে অবস্থানে আছি, যারা আমার ওপর এই অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারি। কিন্তু সেটা আমি করব না। প্রতিশোধ নিলেই কি আমার হাড় ভালো হয়ে যাবে? প্রতিশোধ নিলেই কি সব ফিরে পাওয়া যায়? “যায় না”। তাই আমাদের মাইন্ডসেট পাল্টাতে হবে।’

দখল-লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান

তৃণমূলে বিএনপির কিছু লোকের বিরুদ্ধে আওয়ামী আমলের মতো দখল ও লুটপাটের অভিযোগ প্রসঙ্গে এক জ্যেষ্ঠ সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, ‘নির্বাচনের আগেও এমন ঘটনার কথা আমরা শুনেছিলাম। অভিযোগ পাওয়ামাত্র তদন্ত করে দলীয়ভাবে শাস্তির ব্যবস্থা নিয়েছি। সরকার গঠনের পর আমরা দুইভাবে ব্যবস্থা নিচ্ছি—প্রথমত দলীয় শাস্তিমূলক ব্যবস্থা, দ্বিতীয়ত আইনি ব্যবস্থা।’

তবে কেবল সাজাই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, জড়িতদের কাউন্সেলিং করতে হবে এবং বোঝাতে হবে যে দল ক্ষমতায় আছে বলেই অন্যায়-অত্যাচার করা যাবে না।

প্রবাসীদের সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের দুঃখ-দুর্দশা ও উচ্চ অভিবাসন ব্যয় নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের সুরক্ষা ও যাতায়াতের খরচ কমানোর ব্যাপারে সরকার আন্তরিকভাবে চেষ্টা করবে। কারাবন্দি বাংলাদেশিদের মুক্ত করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গণমাধ্যমের সঙ্গে সরকারের সুসম্পর্ক বজায় থাকার বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা রাজনৈতিক সরকার, সামনে আবার ভোট আসবে। ইচ্ছাকৃতভাবে খারাপ কাজ কেন করব? মিডিয়ার সঙ্গে সুন্দর সম্পর্কের ব্যাপারে আমাদের কোনো ভুল হলে আপনারা অবশ্যই বলবেন। কিন্তু সেই ভুলটাকে পত্রিকার কাটতি বাড়ানো বা অন্য উদ্দেশ্যে ব্যবহার করা ভালো ফল বয়ে আনবে না।’

তিনি আক্ষেপ করে বলেন, জিয়া পরিবারের ওপর মিডিয়ায় সবচেয়ে বেশি অবিচার হলেও, মিডিয়া সেক্টরের ১০টি ভালো কাজের ৭টিই করেছে বিএনপি।

পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমের ভূমিকা এবং টেলিভিশনে ওয়েজবোর্ড চালুর দাবির বিষয়ে প্রধানমন্ত্রী জানান, বিষয়গুলো প্রেস কাউন্সিলের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’ স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিবের সরকার অনুগত চারটি পত্রিকা ছাড়া সব বন্ধ করে দিয়েছিল। কিন্তু আজকের বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে সংবাদপত্রের টুঁটি চেপে ধরা হয়নি।’

দিন যদি ৪৮ ঘণ্টায় হতো

সরকারের প্রথম ১০০ দিনের অভিজ্ঞতা কেমন ছিল—জানতে চাইলে প্রধানমন্ত্রী সহাস্যে বলেন, ‘ভেরি টায়ারিং (খুবই ক্লান্তিকর)।’

৩০ হাজার কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু, দায়িত্ব নেওয়ার পরই রোজা এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ—সব মিলিয়ে সময়টা বেশ কঠিন ছিল বলে উল্লেখ করেন তিনি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ‘আব্বা বলতেন, ২৪ ঘণ্টায় এক দিন না হয়ে ৪৮ ঘণ্টায় হলে ভালো হতো। আব্বার সেই কথাটি এখন নিজে অনুভব করছি। যেভাবে দিন কাটছে, দম ফেলার সময় পাই না।’

দেশবার্তা/এসবি/একে



মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ৫৯ বাংলাদেশি
ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ৫৯ বাংলাদেশি
এক ঘণ্টার বৃষ্টিতেই পানির নিচে বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান
এক ঘণ্টার বৃষ্টিতেই পানির নিচে বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg