দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ শুরু করেছে।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গত ১৩ জুন দেশব্যাপী ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাকর্মসূচির ধারাবাহিকতায় বিমান বাহিনী এই উদ্যোগ গ্রহণ করেছে।
এই কর্মসূচির একটি অন্যতম বিশেষত্ব হলো দেশের দুর্গম এবং উপকূলীয় অঞ্চলে বনায়ন নিশ্চিত করা।
বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বনায়নের লক্ষ্যে দেশের উপকূলীয় অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের সাহায্যে আকাশ হতে ‘সীডবল’ (বীজ সমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ইতোপূর্বেও দেশের বিভিন্ন প্রত্যন্ত ও উপকূলীয় অঞ্চলে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে সফলভাবে সীডবল নিক্ষেপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণও বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের চারা রোপণ করে এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বিমান সদরের পরিচালকগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সদর দপ্তরের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট সমূহ এবং বিমান বাহিনী পরিচালিত দেশের সকল স্কুল ও কলেজ প্রাঙ্গণেও একযোগে এই ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ গ্রহণ করা হয়েছে।
দেশবার্তা/একে