ব্লু বার্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও নেচার ক্লাবের উদ্যোগে পেয়ারা গাছ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ব্লু বার্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সিলেট এবং নেচার ক্লাব (ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ)-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে ব্লু বার্ড হাই স্কুলের জুনিয়র ক্যাম্পাসে ১৮০০টি পেয়ারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুজ্জামান সোহেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লু বার্ড হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কো-কনভেনর আফরাহিম আহমেদ এলিজা, সদস্য সচিব আব্দুস সালাম জায়গীরদার বাবলা, সদস্য আশরাফ আলী, মোঃ এনামুল করিম চৌধুরী, মোঃ এহেতাশামুল করিম এনু, প্রকৌশলী কামরুল হোসেন চৌধুরী (তানভীর), ইমতিয়াজ হাসান চৌধুরী, তাসিন হাসনাহ তাসিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, সালেহা সিদ্দিকা, অনিতা সেনাপতি, তানিয়া কাজরী, প্রভাষক রওশন আরা, আসমত আরা মুমু।
এছাড়াও নেচার ক্লাবের প্রায় ৫০ জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং গাছ বিতরণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রি-নার্সারি থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে গাছগুলো রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
প্রতিনিধি/আরএইচ