ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬, ২২:০০
চলমান বার্তা:
তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতলো জাপান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১৩:৪৩  (ভিজিটর : )

ম্যাচটাই ছিল বিশ্ব ফুটবলের এক বড় মাইলফলক। বিশ্বকাপের হাজারতম ম্যাচে মাঠে নেমে ইতিহাসগড়া জয় তুলে নিয়েছে জাপান। বৈশ্বিক এই সর্বোচ্চ প্রতিযোগিতায় ইতিহাসে প্রথমবারের মতো ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে তারা তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। একই সঙ্গে এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে ৪টি গোল করার অনন্য কীর্তি গড়ল ‘সামুরাই ব্লু’রা।

নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে এবারের বিশ্বকাপ আসর শুরু করেছিল জাপান। তিউনিসিয়ার বিপক্ষে এই বড় জয় তাদের টানা চতুর্থবারের মতো নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করল। গতিময় ও আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে এদিন সহজ জয় তুলে নেয় এশিয়ান পরাশক্তিরা। 

অন্যদিকে উদ্বোধনী ম্যাচের পরই কোচ বরখাস্ত করে চরম বিতর্কে পড়া তিউনিসিয়া জাপানের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

জাপানের ঐতিহাসিক জয়ের দিনে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড আয়াসে উয়েদা। এ ছাড়া দাইচি কামাদা ও জুনিয়া ইতো একটি করে গোল করেন। এই জয়ের পর দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের সমান অবস্থানে রয়েছে জাপান। তবে দুই ম্যাচে এক গোল বেশি করায় গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে আছে ডাচরা। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে সুইডেন অবস্থান করছে টেবিলের তিনে।

মেক্সিকোর এস্তাদিও মন্টেরেইয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক এই ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় জাপান, যা বিশ্বকাপে তাদের ইতিহাসের দ্রুততম গোল। কেইতো নাকামুরার ক্রস থেকে বল পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান দাইচি কামাদা। আসরে এটি তার দ্বিতীয় গোল। ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। মাঝমাঠ থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড দুর্দান্ত এক দূরপাল্লার বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন।

ক্লাব ফুটবলে সদ্য সমাপ্ত মৌসুমে ফেইনুর্দের হয়ে ২৪ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া উয়েদা ম্যাচের ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। তার একটি নিখুঁত লুপিং হেড থেকে আসে জাপানের ঐতিহাসিক সেই চতুর্থ গোল। এর আগে ম্যাচের ৬৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেছিলেন জুনিয়া ইতো। উয়েদার চমৎকার এক ফ্লিক থেকে বল পেয়ে তিউনিসিয়ার গোলরক্ষক আইমেন দাহমেনকে ঠান্ডা মাথায় পরাস্ত করেন তিনি।

নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে দু’বারের আফ্রিকা কাপ অব নেশনস জয়ী অভিজ্ঞ কোচ হার্ভে রেনার্দকে দায়িত্ব দিয়েছিল তিউনিসিয়া। তবে কোচের পরিবর্তনেও ভাগ্যের চাকা ঘোরেনি। উত্তর আফ্রিকার দলটি যেমন জাপানের গতিময় আক্রমণ থামাতে পারেনি, ঠিক তেমনি নিজেরাও ম্যাচে উল্লেখেযোগ্য কোনো সুযোগ তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।