ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬, ২২:০০
চলমান বার্তা:
মেসির সামনে আজ ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার ইতিহাস
অস্ট্রিয়ার কোচ রংনিকের চোখে ‘নিখুঁত’ আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১৪:৪৩ আপডেট: ২২.০৬.২০২৬ ১৪:৪৬  (ভিজিটর : )

ডালাসে আজ মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল আর্জেন্টিনা এবং দারুণ ফর্মে থাকা অস্ট্রিয়া। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে লিওনেল স্কালোনির দল। মাঠের নামার আগে তাই আর্জেন্টিনাকে নিয়ে বাড়তি সতর্ক অস্ট্রিয়া। ম্যাচ শুরুর আগে দলটির কোচ রালফ রাংনিক অকপটে স্বীকার করেছেন, আর্জেন্টিনা দলে কোনো দুর্বলতা খুঁজে পাননি তিনি।

টুর্নামেন্ট শুরুর আগে আর্জেন্টিনা দল চোটের কারণে ‘মিনি হাসপাতালে’ পরিণত হলেও মাঠের পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি। দুই ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো ও গনসালো মন্তিয়েলের আজকের ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তবে রক্ষণভাগ সামলানোর জন্য নিকোলাস ওস্তামেন্দি ও ক্রিস্তিয়ান রোমেরোর মতো বিশ্বস্ত সেনানিরা প্রস্তুত। শুরুর একাদশে চোটের সমস্যা থাকলেও বদলি হিসেবে নামানোর মতো যথেষ্ট মানসম্পন্ন স্কোয়াড রয়েছে স্কালোনির।

সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে স্তুতিতে ভাসিয়ে অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক বলেন, ‘তাদের কোনো দুর্বলতা খুঁজে পাইনি। দল হিসেবে তারা অসাধারণ। দুই বা তিন ধরনের ভিন্ন কৌশলেও ফুটবলাররা খেলতে পারে।’

আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে লিওনেল মেসির চোখ ধাঁধানো হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানের জয় পায় আর্জেন্টিনা। রেকর্ড বই তছনছ করে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন এই খুদে জাদুকর। কেন তাঁকে আর্জেন্টিনার প্রাণভোমরা বলা হয়, তা আরও একবার প্রমাণ করেছেন তিনি।

মেসিকে প্রশংসায় ভাসিয়ে রাংনিক বলেন, ‘তাদের দলে সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আছে। আমাদেরও দেখিয়ে দিতে হবে যে আমরা বিশ্বকাপের অন্যতম সেরা দল। আগামীকাল (আজ) নিজেদের সেরাটা দিতে হবে।’

তবে আর্জেন্টিনা মানেই শুধু মেসি নন। পোস্টের নিচে আছেন ‘বাজপাখি’ খ্যাত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। মাঝমাঠে এনজো ফার্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তারের মতো তারকাদের পাশাপাশি আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে আছেন লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস ও নিকো পাসরা। সব মিলিয়ে এক পরিপূর্ণ দল নিয়েই এবার শিরোপা ধরে রাখার অভিযানে নেমেছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিখুঁতভাবে বিশ্লেষণ করেছে অস্ট্রিয়া। রাংনিকের ভাষায়, বলের দখলে থাকা ও না থাকা, কিংবা সেট-পিসের মুহূর্তে কী করতে হবে- সব কৌশলই ঝালিয়ে নিয়েছে তাঁর দল।

গত ১৭ জুন কানসাসে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। একই দিনে সান ফ্রান্সিসকোতে জর্ডানের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পায় অস্ট্রিয়াও। দুই দলেরই পয়েন্ট সমান ৩ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা, আর দুইয়ে আছে অস্ট্রিয়া। তিন ও চারে রয়েছে জর্ডান ও আলজেরিয়া।

মেসির সামনে ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার জোড়া রেকর্ড

আজকের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে একাধিক মহাজাগতিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। যার মধ্যে দুটি ক্ষেত্রে তিনি ছাড়িয়ে যেতে পারেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

বিশ্বকাপে ক্লোসা ও মেসি দুজনেই বর্তমানে ১৬টি করে গোল করে যৌথভাবে শীর্ষে আছেন। আজ ১টি গোল করলেই ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হবেন মেসি।

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও বর্তমানে ক্লোসা ও মেসির সমান ১৬টি করে। আজ আর্জেন্টিনা জিতলেই ক্লোসাকে টপকে এককভাবে এই কীর্তির মালিক হবেন এলএমটেন।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।