বিশ্বকাপে ‘জে’ গ্রুপে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে এখনো দুটি সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেননি কোচ লিওনেল স্কালোনি- এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে খেলা একাদশ থেকে বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও আক্রমণভাগে কিছু রদবদল দেখা যেতে পারে। থিয়াগো আলমাদার জায়গায় নিকোলাস গনসালেসকে নামানোর কথা ভাবছেন স্কালোনি। গতি ও সরাসরি আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত গনসালেস প্রতিপক্ষের হাইপ্রেসিং কৌশলে তৈরি হওয়া ফাঁকা জায়গাগুলো কাজে লাগাতে পারেন, এমনটাই ধারণা কোচিং স্টাফদের।
আরেকটি বড় প্রশ্ন দেখা দিয়েছে সেন্টার ফরোয়ার্ড পজিশন নিয়ে। প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা লাউতারো মার্তিনেসের পরিবর্তে অস্ট্রিয়ার বিপক্ষে সুযোগ পেতে পারেন হুলিয়ান আলভারেস। অবশ্য দলের জন্য বড় স্বস্তির খবর হলো, চোট থেকে প্রায় সেরে উঠেছেন ডিফেন্ডার গনসালো মন্তিয়েল।
রোববার সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তাঁর বেঞ্চে থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রয়োজন হলে কোচ তাঁকে মাঠেও নামাতে পারেন।
আর্জেন্টাইন শিবিরের রক্ষণ ও মাঝমাঠে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। গোলবারের নিচে যথারীতি বিশ্বস্ত হাত এমিলিয়ানো মার্তিনেসই থাকছেন। রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস ও ফাকুন্দো মেদিনার জায়গা প্রায় নিশ্চিত। আর মাঝমাঠে রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস এবং আলেক্সিস মাক অ্যালিস্তারকে নিয়েই ছক কষছেন স্কালোনি।
অন্যদিকে প্রথম ম্যাচে খেলার সুযোগ না পাওয়া লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তালিয়াফিকোও ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠছেন। অনুশীলনে তাঁদের ধারাবাহিক উন্নতি বজায় থাকলে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের কোনো একপর্যায়ে তাঁদেরও মাঠে নামাতে পারেন আর্জেন্টাইন কোচ।
সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
দেশবার্তা/একে