ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ২৭ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৪:৪২
চলমান বার্তা:
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩:৪৫ আপডেট: ২৭.০৬.২০২৬ ১৪:২২  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতালির রাজধানী রোমে এক আবাসিক অ্যাপার্টমেন্টে ঢুকে বাংলাদেশি একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় গত শুক্রবার (২৬ জুন) রাত ৮টা থেকে ৯টার মধ্যে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিলিও (ক্যাসালোত্তি এলাকা) এলাকার একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- কামাল উদ্দিন বাবুল (৪০), তাঁর স্ত্রী আরজু বেগম (৩৮) ও তাঁদের ৫ বছর বয়সী কন্যাসন্তান আরোয়া ইসলাম আরিশা। 

কামাল উদ্দিনের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করে আসছিলেন।

এ ঘটনায় কামাল উদ্দিনের বড় ছেলে আমির হোসেন অয়ন (২০) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্র ও স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা অস্ত্র হাতে কামাল উদ্দিনের ফ্ল্যাটে প্রবেশ করে। তারা ভেতরে থাকা কামাল উদ্দিন, তাঁর স্ত্রী ও শিশু কন্যাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঠিক ওই সময়েই কামাল উদ্দিনের ছেলে অয়ন বাইরে থেকে ঘরে প্রবেশ করার সময় বিষয়টি টের পান। সে হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় অয়ন ঘর থেকে বের হয়ে চিৎকার করলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ইতালির বিশেষ পুলিশ বাহিনী ‘কারাবিনিয়েরি’, অ্যাম্বুলেন্স ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহত অয়নকে দ্রুত হাসপাতালে পাঠায়। 

চিকিৎসকদের বরাত দিয়ে ইতালীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অয়ন বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের খবর কামাল উদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। 

রোমে বসবাসরত স্থানীয় বাংলাদেশিরাও এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ঘাতকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে রোম পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ডাকাতি নাকি কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে- তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, এটি একটি মর্মান্তিক ও লোমহর্ষক অপরাধ। অপরাধীকে গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি। 

ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে মামলার বিস্তারিত তথ্য এখনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে না। তবে দ্রুতই সংবাদ সম্মেলনের মাধ্যমে অগ্রগতির বিষয়ে জানানো হবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।