বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। পর্দায় তাঁর অভিনয় যেমন দর্শকদের মুগ্ধ করে, তেমনি বাস্তব জীবনে তাঁর প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ ও জল্পনাকল্পনার শেষ নেই।
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অকপটে কথা বলেছেন এই অভিনেত্রী।
তটিনী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই। তবে জীবনসঙ্গী হিসেবে ‘সঠিক মানুষ’ পেলেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
এর আগে বিনোদনপাড়ায় অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। তবে এই প্রসঙ্গে বরাবরই উড়িয়ে দিয়েছেন তিনি।
গুঞ্জনের জবাবে অভিনেত্রী বলেন, ‘সে আমার খুব ভালো একজন বন্ধু। এই কথাটা আমি আসলে এতবার বলেছি- আর আমার মনে হয়, যদি প্রেম থাকত, তাহলে জিনিসটা আমি আরও প্রাইভেটলি (গোপনে) হ্যান্ডেল করতাম। এটা নিয়ে আমি কথা বলার সুযোগই দিতাম না। তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন, কোনো প্রেম নেই।’
কেমন জীবনসঙ্গী পছন্দ তটিনীর?
ভবিষ্যতের জীবনসঙ্গী ও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে তটিনী বলেন, ‘বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে প্রপার সম্মান দেবে, আমাকে এবং আমার প্রফেশন ও ফ্যামিলিকে ভালোবাসবে। আমার কাছে সবসময় মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের থেকেও ভালো রাখার মানুষ খুব দরকার; যে আমাকে ভালো রাখতে পারবে। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তাহলে করব।’
একটি সম্পর্কে শুধু অন্ধ ভালোবাসা নয়, বরং পারস্পরিক সম্মান এবং দিনশেষে ভালো রাখার মানসিকতা বেশি জরুরি বলে মনে করেন পর্দার এই গ্ল্যামার কন্যা।
নিজের জীবনবোধের কথা উল্লেখ করে তটিনী আরও বলেন, ‘ভালোবাসা একটা পয়েন্ট পর্যন্ত তো অবশ্যই দরকার। কিন্তু আমার কাছে মনে হয় মেইন প্রায়োরিটি- সে আপনাকে ভালো রাখতে পারছে কি না। আপনি কাউকে অনেক ভালোবাসলেন, কিন্তু সে আপনাকে প্রপার সম্মান দিল না; দিনশেষে সেখানে তো শান্তি নেই।’
তানজিম সাইয়ারা তটিনী বর্তমানে ক্যারিয়ারের বেশ ব্যস্ত সময় পার করছেন। সদ্য সমাপ্ত ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া তাঁর অভিনীত নাটকগুলো দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যেই সাজ্জাদ হোসেন বাপ্পি পরিচালিত এবং খাইরুল বাশারের সঙ্গে জুটি বাঁধা তটিনীর নতুন নাটক ‘সুতরাং’ দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে।
দেশবার্তা/একে