ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ৬ জুলাই ২০২৬ | ২২ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২১:১৩
চলমান বার্তা:
রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১৭:১৬  (ভিজিটর : )

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রুহুল কুদ্দুস গাজী। তিনি বলেন, একটি কিশোরের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে আড়াল করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন রাফাতের মা শাহানারা খাতুন, আব্দুল লতিফ সরদার, আজিজুল ইসলাম, আব্দুল মালেক, রফিকুল ইসলাম, রমজান আলী, আলতাফ হোসেন, আবুল কাশেম, মাছুম বিল্লাহ প্রমুখ।

রাফাতের মা শাহানারা খাতুন অভিযোগ করেন, তাঁর ছেলে স্থানীয় আক্তার হোসেনের ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ১৩ জুন তাঁকে হত্যা করে ফার্মে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বৈরী আবহাওয়ার মধ্যেও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ, কিশোর, যুবক ও বৃদ্ধ অংশ নেন।

আব্দুল লতিফ সরদার অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী আক্তার হোসেনের ছেলে অলিদ হোসেন মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য বিভিন্ন সময় অনেকের ওপর নির্যাতন চালিয়েছেন। তাঁর দাবি, এবার সেই ঘটনার শিকার হয়েছেন দিনমজুরের ছেলে রাফাত। তিনি বলেন, দিনমজুরের সন্তান হওয়ায় রাফাতের পরিবার বিচার থেকে বঞ্চিত হবে—এমনটি স্বাধীন দেশে হতে পারে না।

আব্দুল মালেক বলেন, তদন্তে গাফিলতির অভিযোগ জনমনে ক্ষোভ সৃষ্টি করছে। রফিকুল ইসলাম বলেন, নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত সত্য উদঘাটন সম্ভব নয়। রমজান আলী বলেন, অপরাধীরা যত প্রভাবশালীই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে। আলতাফ হোসেন বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। আবুল কাশেম বলেন, রাফাতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাবাসী শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে।

মাছুম বিল্লাহ অভিযোগ করেন, একাধিক কর্মসূচি পালন ও পুলিশের কাছে বারবার আবেদন করা হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তিনি অবিলম্বে ঘটনার রহস্য উদঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শফিকুল ইসলাম অভিযোগ করেন, গত ১৩ জুন আক্তার হোসেনের মুরগির ফার্মে কর্মরত অবস্থায় ফার্মমালিকের ছেলে অলিদ হোসেন পরিকল্পিতভাবে রাফাতকে হত্যা করে ফার্মের নিচু একটি বাঁশে ঝুলিয়ে রাখেন। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি পুলিশের কাছে বারবার জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি প্রশ্ন রাখেন, “গরিব বলে কি আমাদের বিচার পাওয়ার অধিকার নেই?”

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।