ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে জেলা পরিষদের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার সহযোগিতায় শহরের পালপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জনপ্রতিনিধি, স্কাউট সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবার সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ওপর গুরুত্বারোপ করেন।
পরে তিনি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে নিজ হাতে একটি ড্রেন পরিষ্কার করেন।
আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিনিধি/আরএইচ