নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে সবুজে ঘেরা ক্যাম্পাসে বিরাজ করে উৎসবের আমেজ। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় জোহা চত্বরে প্রশাসনিক ভবনের সামনে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম এবং সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ (সুইট), রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী পর্ব শেষে উপাচার্যের নেতৃত্বে আমন্ত্রিত অতিথি ও হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন ও বিশ্ববিদ্যালয়ের প্রতীকচিহ্ন, যা পুরো ক্যাম্পাসে উৎসবের অনন্য আবহ সৃষ্টি করে।
পরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর সিনেট ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপাচার্য ড. ফরিদুল ইসলাম বলেন, “গৌরবের ৭৩ বছর অতিক্রম করে রাজশাহী বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী দিনেও উচ্চশিক্ষা ও গবেষণায় এই বিশ্ববিদ্যালয় তার উৎকর্ষ ও ঐতিহ্য সমুন্নত রেখে দেশের অগ্রযাত্রায় আরও কার্যকর অবদান রাখবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে প্রাণ ফিরে পায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ৭৩ বছরের পথচলা।
প্রতিনিধি/আরএইচ