দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৬৬ জন বরিশাল বিভাগের।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৫৭ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৯ জন, বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৫৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৮৭৫ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে বিদায়ী জুন মাসে, ২ হাজার ৯০৭ জন। আর চলতি জুলাই মাসের প্রথম আট দিনে আক্রান্ত হয়েছেন ৪৯৩ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। অন্যদিকে মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ নারী।
উল্লেখ্য, গত বছরগুলোতে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা গিয়েছিল। ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
দেশবার্তা/একে