ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শুক্রবার | ১৭ জুলাই ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ০:৩৮
চলমান বার্তা:
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১৬:০৪ আপডেট: ১০.০৭.২০২৬ ১৮:১৮  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এই লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সবার সম্পৃক্ত হওয়া উচিত।

শুক্রবার বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। 

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন বহু বছর ধরে দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতেই আজকের এই আয়োজন করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।