ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ০:০৮
চলমান বার্তা:
১৯৮৬’র প্রতিশোধের ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১৬:৩০  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লাল কার্ড পেয়ে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের বেলজিয়ামের বিপক্ষে খেলারই কথা ছিল না। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে তাঁর লাল কার্ড স্থগিত রাখা হয় এবং তিনি শেষ ষোলোর ম্যাচে মাঠে নামেন। ফুটবলে এমন রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় উঠলেও, মাঠের লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে ‘ন্যায়ের পক্ষে’ জবাব দিয়েছে বেলজিয়াম। যুক্তরাষ্ট্র ছাড়া পুরো ফুটবল বিশ্ব যেন সে ম্যাচে বেলজিয়ানদের পক্ষেই ছিল।

চলতি বিশ্বকাপে উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। আমেরিকান স্বপ্ন ভেঙে দেওয়ার পর এবার তাদের সামনে টুর্নামেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জমাট রক্ষণ ও পজেশনভিত্তিক ফুটবল দিয়ে ফেভারিটের মর্যাদা পাওয়া স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়ানরা।

প্রথম ম্যাচে বিবর্ণ পারফরম্যান্সের পর স্পেন প্রতিটি ম্যাচেই নিজেদের উন্নতির ধারা বজায় রেখেছে। শেষ ষোলোতে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লা রোহারা। প্রথম দল হিসেবে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে নিজেদের গোলপোস্ট অক্ষত রাখার অনন্য কীর্তি গড়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। বর্তমানে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে স্পেন।

অন্যদিকে, গ্রুপ পর্বে মাত্র একটি জয় নিয়ে নকআউট পর্বে উঠলেও এখন দারুণ ছন্দে আছে বেলজিয়াম। সেনেগালের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকার পর অতিরিক্ত সময়ের গোলে জয় এবং এরপর যুক্তরাষ্ট্রকে খড়কুটোর মতো উড়িয়ে দেওয়া- বেলজিয়ানদের আত্মবিশ্বাস তুঙ্গে তুলেছে।

২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়ামের সামনে এবার বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের চমকে দেওয়ার পালা। শক্তিমত্তায় দুই দলের তফাৎ বেশ স্পষ্ট হলেও বেলজিয়ামের গোলকিপার থিবো কোর্তোয়া বিশ্বাস করেন, তাঁরা অঘটন ঘটাতে পারবেন। শেষ দুটি ম্যাচের ফলাফল তাদের সেই বিশ্বাস জোগাচ্ছে। তাছাড়া কেভিন ডি ব্রুইনা ও রোমেলু লুকাকুদের মতো বেলজিয়ামের তথাকথিত ‘সোনালি প্রজন্ম’-এর এটাই শেষ বিশ্বকাপ। বিদায়ী টুর্নামেন্টটি তাই রাঙিয়ে রাখতে মরিয়া তারা।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে স্পেন ও বেলজিয়াম, যেখানে দুই দলই একটি করে জয় পেয়েছে। ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জিতেছিল বেলজিয়াম। আর ১৯৯০ সালের গ্রুপ পর্বের শেষ দেখায় স্পেন জিতেছিল ২-১ ব্যবধানে। ফলে বেলজিয়ামের কাছে ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ স্পেনের সামনে।

চার বিশ্বকাপের মধ্যে তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছে বেলজিয়াম। বিপরীতে স্পেনের জন্য কোয়ার্টার ফাইনালের স্মৃতি খুব একটা সুখের নয়। ইতিহাসে মাত্র দুইবার তারা এই বাধা টপকাতে পেরেছে- ১৯৫০ সালে এবং ২০১০ সালে শিরোপা জয়ের পথে।

ম্যাচের আগে বেলজিয়াম শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে মিডফিল্ডার আমাদু ওনানার চোট। শেষ ম্যাচে ডান হাঁটুর এসিএল চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। 

অন্যদিকে ইনজুরি কাটিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে স্পেন। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে, যারা গতকাল মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।