ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  শনিবার | ১১ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ০:০৮
চলমান বার্তা:
খুলনায় হানি ট্র্যাপ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২০:৫৫  (ভিজিটর : )

খুলনায় হানি ট্র্যাপ চক্রের ফাঁদে পড়ে ঢাকার এক ব্যবসায়ী তিন দিন জিম্মি থাকার পর সোনাডাঙ্গা থানা-পুলিশ তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঢাকার আশুলিয়ার বাসিন্দা ব্যবসায়ী এইচ. এম. সালাউদ্দিন আহমেদের (৫৭) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারমীন সুমাইয়া (২৭) নামে এক নারীর পরিচয় হয়। দীর্ঘদিন চ্যাটিং এবং অডিও-ভিডিও কলে কথাবার্তার একপর্যায়ে ওই নারী তাকে খুলনায় আসার আমন্ত্রণ জানান।

গত ৫ জুলাই সন্ধ্যায় সালাউদ্দিন খুলনায় এসে সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসায় যান। সেখানে প্রবেশের পর তিনি বুঝতে পারেন বাসাটি বসবাসের উপযোগী নয়। বের হতে গেলে দেখতে পান, দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর ৫ জুলাই রাত থেকে ৮ জুলাই সন্ধ্যা পর্যন্ত তাকে জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ।

পুলিশ জানায়, এ সময় চক্রের সদস্যরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন ডকুমেন্ট মুছে ফেলে। পাশাপাশি তার আত্মীয়-স্বজনদের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা চালায়। ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্টে থাকা ৪ হাজার ৭০০ টাকা এবং মানিব্যাগে থাকা ১ হাজার ১০০ টাকা তারা নিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার একপর্যায়ে স্থানীয় লোকজনের সন্দেহ হলে সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে খবর পেয়ে সোনাডাঙ্গা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে সালাউদ্দিনকে উদ্ধার করে এবং চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশ্বজিৎ ভক্ত ওরফে জিৎ ভক্ত, আল সাব্বির রাজু, জিতু শেখ, ধীমান তালুকদার, আকলিমা আক্তার সোমা, তামান্না আক্তার সাদিয়া এবং রিয়া মনি।

এ ঘটনায় ভুক্তভোগী সালাউদ্দিন আহমেদ বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় পলাতক শারমীন সুমাইয়াসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এটি একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ ও চাঁদাবাজ চক্র। তাদের বিরুদ্ধে আরও অনেককে প্রতারণা ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। চক্রের সদস্যদের মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে তদন্ত করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে তিনি মনে করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
https://thedailydeshbarta.com/ad/1781938701_RightPanelSquare.jpg
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।