খুলনার পুরোনো জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে তিন ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে দেয়াল টপকে কারাগার থেকে পালিয়ে যান আসামি ইমন মাঝি। পরে জেল সুপার আবু সায়েমের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাত পৌনে ৮টার দিকে নিজ বাড়ির এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
জেল সুপার আবু সায়েম জানান, আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর কারাগারে সতর্ক সংকেত (পাগলা ঘণ্টা) বাজানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কারারক্ষীদের একাধিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এবং আসামি ইমন মাঝিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কারা সূত্রে জানা যায়, আসামি ইমন মাঝি মহিলা কারারক্ষীদের ওয়ার্ডের পেছনের অংশ দিয়ে বাথরুমের পাইপ বেয়ে ওপরে উঠে একে একে তিনটি দেয়াল টপকে কারাগারের বাইরে চলে যান।
ঘটনা জানাজানি হওয়ার পর কারাগারে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। জেল সুপার আবু সায়েমের নেতৃত্বে কারারক্ষীদের একাধিক দল সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলের বটতলা এলাকায় তার নিজ বাড়ির সামনে থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়।
প্রতিনিধি/আরএইচ