ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কে অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা ফেটে সড়কের ওপর উল্টে যায়। এতে রাস্তায় ডিম ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা কুড়াতে এগিয়ে আসেন। ওই সময় ঢাকা থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস সড়কের ওপর থাকা লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আহত হন অন্তত সাতজন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। বাকিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০)। নিহত অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে সবার বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
দেশবার্তা/একে