ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১২ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২১:১১
চলমান বার্তা:
চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ করবে ইন্টার্নরা: প্রধানমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১৬:০৫  (ভিজিটর : )

আজকের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের হাত ধরেই চিকিৎসার জন্য দেশের মানুষের বিদেশমুখিতা বন্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের জন্য একটি আধুনিক স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও নার্সদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনারা প্রতিদিনই মানুষের অনেক আনন্দ-বেদনার সাক্ষী। যারা চিকিৎসা পেশায় নিয়োজিত কিংবা চিকিৎসক হওয়ার জন্য অধ্যয়নরত, প্রতিটি মানুষের মনোজগতে আপনাদের অবস্থান তাদের সুস্থ জীবনের রক্ষক হিসেবে।’

চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসকগণই সত্যিকার অর্থে মানুষের বিপদের ও রোগে-শোকের পরম বন্ধু হয়ে ওঠেন। একজন চিকিৎসকের উপদেশ ও আন্তরিক ব্যবহারও রোগীর কাছে ওষুধের মতো কার্যকরী। তাই পেশাগত উৎকর্ষতার পাশাপাশি চিকিৎসকদের মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি।’

হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে সরকারপ্রধান জানান, ‘চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে হাসপাতালগুলোতে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

স্বাস্থ্য খাতের লোকবল সংকটের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও মিডওয়াইফসহ অন্যান্য শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’—এই নীতিতে সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। পুষ্টি, টিকাদান, মাতৃস্বাস্থ্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ক্যানসারসহ বিভিন্ন বিষয়ে আগাম স্বাস্থ্যপরামর্শ পেলে অনেক রোগ শুরুতেই নিয়ন্ত্রণ সম্ভব। এই প্রাথমিক স্বাস্থ্যপরামর্শ পৌঁছে দিতে সারাদেশে ১ লাখ ‘হেলথ কেয়ারার’ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে ৮০ শতাংশই থাকবেন নারী।

বাজেট ও চিকিৎসা ব্যয় হ্রাসের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষাখাতের পর এবারই দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছর জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দের পরিমাণ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ০২ শতাংশ। আগামী পাঁচ বছরে এটি জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।’

এছাড়া চিকিৎসা ব্যয় কমাতে ডায়ালাইসিস ফিল্টার, হার্টের স্টেন্ট, ভাল্ব, পেসমেকার, চোখের লেন্স এবং ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত কিছু কাঁচামালের ওপর থেকে ভ্যাট ও কর কমানো এবং কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

অবকাঠামো উন্নয়নের তথ্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সব উপজেলায় বিদ্যমান ৩১ থেকে ৫১ শয্যার হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সব হাসপাতালের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করা হবে। পাশাপাশি বরিশাল ও রাজশাহীতে নির্মিত ২০০ শয্যার শিশু হাসপাতালসহ মোট পাঁচটি শিশু হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিশেষায়িত শিশুচিকিৎসা কেবল রাজধানীকেন্দ্রিক না থাকে।’

অনুষ্ঠানে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে বর্জ্যের বিজ্ঞানসম্মত অপসারণ ওতপ্রোতভাবে জড়িত।’ হাসপাতালগুলোকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।