দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৮৪টি শিশু।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬৬০টি এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে এই সময়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ছিল ৭০২ জন। এই এক দিনে ৬৬০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫২৮টি শিশু।
সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬০১ জন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪১০ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৮৯ হাজার ৭৬২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
দেশবার্তা/একে