ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১৭:০৮
চলমান বার্তা:
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১৬:১১ আপডেট: ২০.০৭.২০২৬ ১৫:০১  (ভিজিটর : )

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার জেরে বিশ্বব্যাপী অবস্থানরত ও ভ্রমণরত নিজেদের নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং সম্ভাব্য সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) এই বিশেষ নির্দেশনা দিয়েছে।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে যেকোনো সময় আকস্মিক সংঘাত ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদের সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। 

একই সঙ্গে আশপাশের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকতে এবং যেকোনো তাৎক্ষণিক খবরের দিকে নজর রাখতে নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বিশ্বজুড়ে থাকা সব নাগরিক, বিশেষ করে যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তাদের বাড়তি সতর্কতা বজায় রাখার জোরালো তাগিদ দিয়েছে। বিদেশের মাটিতে থাকা মার্কিন নাগরিকদের নিজ নিজ এলাকার সবচেয়ে নিকটবর্তী মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশিকাগুলো কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, এই সংঘাতময় পরিস্থিতির কারণে বিভিন্ন আন্তর্জাতিক রুটের বিমান ফ্লাইট বাতিল এবং সাময়িকভাবে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে, যা যেকোনো সময় সাধারণ মানুষের ভ্রমণকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরের অঞ্চলেও মার্কিন কূটনৈতিক মিশন বা স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি এখনো রয়ে গেছে। 

বিশেষ করে, ইরানের সমর্থনপুষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পৃথিবীর যেকোনো প্রান্তে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা আমেরিকানদের ওপর হামলা চালাতে পারে। মূলত এই আশঙ্কার কারণেই বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের চলাচলের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা জোরদার ও এই বৈশ্বিক সতর্কতা জারি করা হয়েছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।