এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণ দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
সোমবার (২০ জুলাই) সকালে এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে এডিবি স্পষ্ট জানিয়েছে, সংস্থাটি কখনোই কোনো ব্যক্তিবিশেষকে সরাসরি ঋণ, অনুদান বা কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একইভাবে আর্থিক সহায়তার নাম করে ব্যক্তিপর্যায়ে ব্যক্তিগত তথ্য চাওয়া, কিংবা বিকাশ/রকেটের মতো মোবাইল ব্যাংকিং অথবা অন্য কোনো উপায়ে টাকা জমা দিতে অনুরোধ করে না এডিবি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি প্রতারকেরা এডিবি ও এর কর্মকর্তাদের নাম ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক মাধ্যম তৈরি করেছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে এডিবির বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।
সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ভাঙিয়েও ঠিক একই ধরনের ভুয়া ঋণ প্রতারণার ঘটনা সামনে এসেছিল, যা নিয়ে তৎকালীন সময়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকেও সতর্কবার্তা জারি করা হয়।
এডিবি স্পষ্ট করে বলেছে, বাংলাদেশে তাদের দীর্ঘদিনের উন্নয়নমূলক কাজের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক। তারা কেবল বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের প্রাতিষ্ঠানিক অংশীদারদের সঙ্গেই প্রকল্পের আওতায় কাজ করে। তাই এডিবির প্রতিনিধি পরিচয় দিয়ে ব্যক্তিগত পর্যায়ে সরাসরি কেউ ঋণের প্রস্তাব দিলে তা শতভাগ প্রতারণা হিসেবে গণ্য হবে।
প্রতারণামূলক এ ধরনের প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া বা তথ্য না দিতে এবং বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি জোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
দেশবার্তা/একে