ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১৭:০৮
চলমান বার্তা:
কাঁচামাল সংকট
২০ দিন ধরে বন্ধ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা
আশরাফ আহমেদ, চট্টগ্রাম
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১৭:৫১  (ভিজিটর : )

কাঁচামালের সংকটে টানা ২০ দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল ফসফরিক অ্যাসিড সরবরাহ না পাওয়ায় গত ২৮ জুন থেকে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ রয়েছে। 

দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে দেশের সার সরবরাহ ব্যবস্থা ও কৃষি খাতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন (বিসিআইসি)-এর অধীন দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ মেট্রিক টন। কৃষি খাতে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে দীর্ঘমেয়াদি উৎপাদন বন্ধ থাকলে দেশের অভ্যন্তরীণ সার সরবরাহ চেইন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনেও প্রভাব পড়তে পারে।

কারখানা ও বিসিআইসি সূত্র জানায়, ডিএপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক অ্যাসিড আমদানির জন্য চলতি বছরের জানুয়ারিতে বিসিআইসি ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড সরবরাহে ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করে। এতে কার্যাদেশ পায় মেসার্স আর কে এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী জুন মাসের মধ্যেই কাঁচামাল সরবরাহের কথা থাকলেও তা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জর্ডানসহ বিভিন্ন উৎস থেকে ফসফরিক অ্যাসিড আমদানি সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে কাঁচামাল না পৌঁছানোয় ২৮ জুন সকাল ৮টা থেকে সার উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

কাঁচামালের সংকট কাটাতে বিসিআইসি গত ৮ জুন ও ২৩ জুন নতুন করে দুটি দরপত্র আহ্বান করলেও কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি। পরে আরও দুটি নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে একটি আগামী ৮ আগস্ট এবং অন্যটি ৯ সেপ্টেম্বর খোলা হবে।

ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) রবিউল আলম খান বলেন, কারখানা সচল রাখতে প্রতিদিন প্রায় ৬০০ টন ফসফরিক অ্যাসিড প্রয়োজন হয়। কারখানাটিতে ২০ হাজার মেট্রিক টন কাঁচামাল সংরক্ষণের সক্ষমতা থাকলেও মজুত শেষ হয়ে যাওয়ায় ২৮ জুন থেকে উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ডিএপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক অ্যাসিডের আন্তর্জাতিক সরবরাহে বিঘ্ন ঘটলে প্রায়ই উৎপাদন ব্যাহত হয়। এবারও বৈশ্বিক সরবরাহ সংকটের কারণেই কারখানাটি বন্ধ রাখতে হয়েছে।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।