ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২২:৫০
চলমান বার্তা:
সিজেপির আন্দোলনে দিল্লিতে রণক্ষেত্র, ইন্টারনেট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১৬:০৮ আপডেট: ২০.০৭.২০২৬ ২০:৩২  (ভিজিটর : )

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ (NEET) অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তোলপাড় ভারতের রাজধানী নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অধিকারকর্মী সোনম ওয়াংচুকের ডাকে আয়োজিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার (২০ জুলাই) উত্তাল হয়ে ওঠে সেন্ট্রাল দিল্লি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানেগ্যাস ও লাঠিচার্জ করেছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা।

প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের তথ্যমতে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। অনিয়মের প্রতিবাদে টানা ২১ দিন অনশনে থাকা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে গত ১৮ জুলাই পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর থেকে জনক্ষোভ আরও তীব্র হয়। 
সোনম ওয়াংচুকের স্ত্রীর মাধ্যমে পাঠানো এক বার্তায় এবং সিজেপি প্রধান অভিজিৎ দীপকের আহ্বানে সাড়া দিয়ে সোমবার সকাল থেকেই যন্তর মন্তরে জমা হতে থাকেন হাজার হাজার তরুণ ও সমর্থক।

অভিজিৎ দীপকে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, বিগত এক দশক ধরে দেশে গণতন্ত্র নস্যাতের যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে এই আন্দোলন হারানো অধিকার ফিরিয়ে আনার লড়াই। তিনি এই পদযাত্রাকে ভারতের ইতিহাসের অন্যতম বৃহৎ আন্দোলন হিসেবে উল্লেখ করে সমর্থকদের যন্তর মন্তরে সমবেত হওয়ার আহ্বান জানান।

সোমবারে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী নিরাপত্তা বাহিনীর একাধিক ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনের দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি ও সংঘর্ষ শুরু হয়। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ছোড়ে ও লাঠিচার্জ করে, এতে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হন। এর আগেই অবশ্য সিজেপির প্রধান অভিজিৎ দীপকেকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেপির পক্ষ থেকে জরুরি বার্তা দিয়ে সবাইকে শান্ত ও অহিংস থাকার আহ্বান জানানো হয়। উসকানিমূলক আচরণ থেকে দূরে থেকে কেবল শান্তি ও ভালোবাসার পথে দাবি আদায়ের নির্দেশ দেয় দলটি।

এর আগে রোববার (১৯ জুলাই) নিরাপত্তা অজুহাতে এই পদযাত্রার অনুমতি বাতিল করেছিল দিল্লি পুলিশ। একই সঙ্গে পুরো এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েতে নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করা হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও শোভাযাত্রা বা বিক্ষোভ করা বেআইনি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। (সূত্র: এনডিটিভি)

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।