পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার কুড়িয়ানা পেয়ারা বাগান এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে মুহিন সরদার (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পর্যটন এলাকা হিসেবে পরিচিত কুড়িয়ানার আদমকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুহিন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের সৌদি প্রবাসী মনির হোসেন সরদারের ছেলে। তিনি গুঠিয়া আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মুহিনের সঙ্গে বেড়াতে আসা বন্ধুদের বরাত দিয়ে জানা যায়, তারা কয়েকজন বন্ধু মিলে একটি ইঞ্জিনচালিত ট্রলার ভাড়া করে কুড়িয়ানার পেয়ারা বাগান ভ্রমণে আসেন। বিকেলে আদমকাঠি খালে ট্রলার নিয়ে ঘোরার সময় ট্রলারের সামনের দিকে দাঁড়িয়ে থাকা মুহিন অসাবধানতাবশত পানিতে পড়ে যান। এ সময় তার সঙ্গীরা ট্রলার থামিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই মুহিনের মৃত্যু হয়েছিল।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ