উপকূলীয় অঞ্চলের মাছধরা জেলে, ট্রলার ও নৌযান মালিকদের খারাপ আবহাওয়ার মধ্যে গভীর সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ধরনের ট্রলার, মাছ ধরার নৌকা, ইঞ্জিনচালিত নৌযানসহ অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করায় ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কোস্ট গার্ড।
পাশাপাশি বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রলার ও নৌযানের মালিকদেরও অনুরোধ করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে বা সমুদ্রে দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, "প্রতি বছর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে জেলেরা সমুদ্রে মাছ ধরতে যান। এতে অসংখ্য জেলের জীবন ঝুঁকির মুখে পড়ে। এবার বিষয়টির প্রতি সরকার অধিক গুরুত্ব দিয়েছে। এ কারণে কোস্ট গার্ড ইতোমধ্যেই জেলেদের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রে যেতে নিষেধ করেছে। পাশাপাশি যারা এখনো ফিরে আসেননি, তাদেরও নিরাপদে ফিরিয়ে আনতে কোস্ট গার্ড তৎপর রয়েছে।"
প্রতিনিধি/আরএইচ