মাগুরার মহম্মদপুর উপজেলায় ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু মৌশা গ্রামের আমিনুর রহমানের তিন বছর বয়সী মেয়ে রাফিয়া (৩) এবং তার আপন ভাই আলিনুরের দুই বছর বয়সী মেয়ে রাইসা (২)।
জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে খেলছিল রাফিয়া ও রাইসা। একপর্যায়ে অসাবধানতাবশত ছোট্ট রাইসা পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে রাফিয়াও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত দুই শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/একে