কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মানিক মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গুদামের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে পুলিশ তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মানিক মিয়া ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হেকিমের ছেলে। তিনি এসএ পরিবহনের একজন গাড়িচালক ছিলেন। চাকরির কারণে ঢাকায় অবস্থান করলেও নিয়মিত গ্রামের বাড়িতে যাতায়াত করতেন।
নিহতের বড় ভাই এমদাদুল হক শাহিন বলেন, “বুধবার অফিসের কাজে মানিকের রাজশাহী যাওয়ার কথা ছিল। কিন্তু কীভাবে বা কেন তিনি কিশোরগঞ্জে এলেন, তা আমরা বুঝতে পারছি না। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। আমরা এটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখছি না; আমাদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।”
কটিয়াদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মানিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/আরএইচ