মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্ত্রী ও শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) ভোরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অপূর্ব বিশ্বাস ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে।
স্থানীয় বাসিন্দা রমেশ বিশ্বাস জানান, ভোর প্রায় ৫টার দিকে অপূর্বের স্ত্রী দীপা বিশ্বাস দেড় বছর বয়সী সন্তানকে কোলে নিয়ে বাড়ির উঠানে টানানো একটি জিআই তারে কাপড় শুকাতে যান। এ সময় তারটি বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। স্ত্রীর চিৎকার শুনে ঘুম থেকে ছুটে আসেন অপূর্ব। স্ত্রী ও সন্তানকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
এদিকে স্ত্রী, মা ও ছোট সন্তানসহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন অপূর্ব বিশ্বাস। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
দেশবার্তা/আরএইচ