ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২০:১৩
চলমান বার্তা:
রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নবীনগরে জনসমাবেশ
জনগণের ভালোবাসা ও বিশ্বাসেই এগিয়ে যেতে চাই: এম এ মান্নান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ২০:০৩ আপডেট: ২২.১১.২০২৫ ২৩:২৫  (ভিজিটর : )

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ের পথে এগিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে নবীনগরের সর্বস্তরের মানুষের ঢল নামে। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে ‘ধানের শীষের বিজয় নিশ্চিত করো’, ‘এম এ মান্নানকে চাই’— এমন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটন।

এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল বাসার, সহ-সভাপতি ও নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এস. কে. হেলাল, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মজিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন টিটু এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নাইলা ইসলামসহ আরও অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, নির্বাচনে বিজয়ী হতে পারলে নবীনগরের দুর্নীতিবাজ ও চাঁদাবাজ চক্র এবং বালুমহলের অবৈধ কার্যক্রম বন্ধ করা হবে। নবীনগর–ঢাকা ও নবীনগর–আশুগঞ্জ সড়ক দ্রুত সংস্কার করে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হবে। পাশাপাশি নবীনগরে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। 

তিনি আরও বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কিন্তু দু:খের বিষয়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক ও বিরূপ মন্তব্য ছড়ানোর চেষ্টা করছে। আমি উন্নয়ন, ন্যায়নীতি ও জনস্বার্থের রাজনীতি করতে চাই। নেতিবাচক অপপ্রচারে নয়, জনগণের ভালোবাসা ও বিশ্বাসেই এগিয়ে যেতে চাই। জনগণের সরকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তারেক রহমানের ৩১ দফা কোনো দলীয় প্রতিশ্রুতি নয়—এটি একটি জাতীয় রূপকল্প। জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ন্যায় বিচার চায়—ধানের শীষই সেই প্রত্যাশার প্রতীক।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৫ বছরের ‘ফ্যাসিস্ট শাসনে’ জনগণ ন্যায়ের অধিকার হারিয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম-খুন ও দমন-পীড়ন এখন নিয়মে পরিণত হয়েছে।

সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে শ্লোগান ও মিছিল বের করা হয়।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।