পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি একটি ‘কালো চুক্তি’ এবং এটি বাতিল ছাড়া আর কোনো বিকল্প নেই।
তার দাবি, এটি এক রাজনৈতিক দল ও একটি স্বশস্ত্র সংগঠনের মধ্যে সম্পাদিত চুক্তি—যেখানে পার্বত্যবাসীর মতামত নেওয়া হয়নি।
যে ব্যক্তি এ চুক্তি করেছিলেন তিনি এখন দেশত্যাগী; তাই এ চুক্তি বাতিল করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি শহরের একটি বেসরকারি রেঁস্তোরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের মূল প্রেক্ষাপট ছিল—বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিল এবং চার দফা দাবি উপস্থাপন।
কাজী মজিবর রহমান আরও বলেন, তথাকথিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯৯৭ সালে স্বাক্ষরের পর ২৮ বছর পেরিয়ে গেলেও এ অঞ্চলে কাঙ্ক্ষিত শান্তি ও স্থিতিশীলতা আসেনি। বরং চুক্তির বহু শর্ত সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক হওয়ায় পাহাড়ের পরিস্থিতি আরও জটিল ও নিরাপত্তাহীন হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি'র কেন্দ্রীয় মহাসচিব শাব্বির আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন পিসিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবু তাহের, রাঙামাটি জেলা সভাপতি মো. সোলায়মান, সহ-সভাপতি মাওলানা আবু বক্কর, খাগড়াছড়ি জেলা সভাপতি মো. লোকমান হোসাইন, স্থায়ী কমিটির সদস্য এম. রুহুল আমিন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজম, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধি/একে