বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর বাজেট উপস্থাপনের পরদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। যে বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেটই জনগণের পক্ষের বাজেট।
তিনি উল্লেখ করেন, এই বাজেটে সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন ওষুধপত্র ও চিকিৎসার সামগ্রী থেকে ট্যাক্স (কর) কমিয়ে আনা হয়েছে। বিশেষ করে কিডনি ডায়ালাইসিসের ওষুধ থেকে কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে, যার ফলে প্রতি ডায়ালাইসিসে রোগীদের ৮০০ থেকে ১ হাজার টাকা সাশ্রয় হবে। এছাড়া হার্টের বাইপাস ও স্টেন্টিংয়ের খরচ সোয়া লাখ টাকা থেকে কমে প্রায় ৫০-৬০ হাজার টাকায় নেমে আসবে। পাশাপাশি চোখের লেন্সের ওপর থেকেও কর প্রত্যাহার করা হয়েছে, যা বয়স্ক ও অবসরপ্রাপ্ত মানুষের জন্য বিশেষভাবে সহায়ক হবে।
বাজেটের বিরোধিতা করা রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তারেক রহমান বলেন, বিএনপি সরকার এই বাজেটে ওষুধপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর ট্যাক্স কমিয়েছে, যাতে মানুষ শান্তিতে ও স্বস্তিতে থাকতে পারে। সরকার ট্যাক্স বাড়িয়েছে শুধু সিগারেট ও মদের ওপর।
প্রধানমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, যে রাজনৈতিক দলগুলো ‘মানি না, মানবো না’ বলে এই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তাহলে কি আমরা ধরে নেব তারা সিগারেট এবং মদের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে এমনটা করছে? যারা মদ ও সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর প্রতিবাদ জানায়, তারা জনগণের জন্য রাজনীতি করে না। যারা জনকল্যাণমূলক উদ্যোগের বিরোধিতা করে, তারা প্রকৃত অর্থে জনগণের স্বার্থের পক্ষে নয়।
বিরোধী শিবিরের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে এরা জনগণের কাছে গিয়ে বিভিন্ন টিকিট বিক্রি করতো। এখন আর তারা টিকিটের কথা বলে না। কারণ ওই টিকিট দেওয়ার কোনো মালিকানা বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু ভোট নিতে চেয়েছিল এবং বিভ্রান্ত করতে চেয়েছিল। যারা মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।
দেশবার্তা/একে