শীত বিদায় নেওয়ার পরপরই তপ্ত রোদ আর ধুলোবালির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজধানীবাসী। দীর্ঘ অপেক্ষার পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে বৃষ্টির দেখা মিলেছে ঢাকার আকাশে। এই বৃষ্টিতে ধুলোর আস্তরণ থিতিয়ে যাওয়ায় স্বস্তি ফিরলেও, ইফতারের আগে ঘরে ফেরা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।
সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ কিছুটা গুমোট ছিল। ঘড়ির কাঁটায় তখন বেলা পৌনে ৩টা। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রাজধানীর আগারগাঁও, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কোথাও ঝিরঝিরে আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজে যায় রাজপথ।
রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের জন্য এই বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এসেছে। আগারগাঁও এলাকায় কথা হয় পথচারী আবদুর রশিদের সঙ্গে। তিনি বলেন, ঢাকার আকাশে যে পরিমাণ ধুলোবালি উড়ছিল, তাতে নিশ্বাস নেওয়া কঠিন ছিল। বৃষ্টির কারণে ধুলো কিছুটা কমবে। এছাড়া মশার উপদ্রব থেকেও কিছুটা রেহাই পাওয়া যাবে বলে মনে করি।
তবে বৃষ্টির এই আমেজ সবার জন্য সমান আনন্দদায়ক নয়। বিশেষ করে ইফতারের আগে যারা গন্তব্যে পৌঁছাতে চান, তাদের কপালে চিন্তার ভাঁজ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত জানান, বৃষ্টিতে ধুলো কমলেও যানজট নিয়ে তিনি শঙ্কিত। তার ভাষ্য, ইফতারের আগে এমনিতেই রাস্তায় তীব্র যানজট থাকে। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হওয়ায় এবং পানি জমলে সেই জট আরও ভয়াবহ রূপ নেবে। ঠিক সময়ে বাসায় পৌঁছানো নিয়ে এখন দুশ্চিন্তা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকা নয়; বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
অধিদপ্তরের তথ্যমতে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
দেশবার্তা/একে