রাজধানীর হাজারীবাগের মনেস্বর রোডের একটি বাসায় বিষাক্ত দ্রব্য পানে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সীমান্ত নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের সদরুল আমিনের ছেলে। তিনি ঢাবির রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। হাজারীবাগের মনেস্বর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
নিহতের চাচা রুহুল আমিন বলেন, আমার ভাতিজা হাজারীবাগের বাসায় সাবলেটে ভাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। তার রুমমেট জানায়, গতকাল (বৃহস্পতিবার) রাত ৯টার পরে সীমান্ত তার রুমের দরজা বন্ধ করে রেখেছিল। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে বাড়ির মালিক এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সীমান্ত আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, অচেতন অবস্থায় সীমান্তকে হাসপাতালে নেওয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ বেরোচ্ছিল। এতে আমরা ধারণা করেছি, ওই বিষাক্ত দ্রব্য খেয়েই সীমান্ত আত্মহত্যা করেছেন। তবে কেন সে এই কাজটি করেছে, তা আমরা কিছুই জানি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
দেশবার্তা/একে