বাংলাদেশ কৃষি ব্যাংককে ‘ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর’ কর্মকর্তাদের হাত থেকে রক্ষা এবং বকেয়া দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ব্যাংকের সিবিএ নেতাদের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা ব্যাংকের প্রশাসনিক সংস্কার ও কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করার জোর দাবি জানান।
সংগঠনের সভাপতি ফয়েজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য মো. মিরাজ হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের অতিরিক্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন ও অর্থ সম্পাদক মো. আসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সুবিধাভোগী কিছু কর্মকর্তা এখনো ব্যাংকের গুরুত্বপূর্ণ পদ দখল করে আছেন। অবিলম্বে এসব কর্মকর্তাদের সরিয়ে বিগত সময়ে নির্যাতিত ও যোগ্য কর্মকর্তাদের সেই স্থলাভিষিক্ত করার জন্য প্রশাসনের প্রতি জোর অনুরোধ জানানো হয়।
পাশাপাশি ব্যাংকিং খাতে আউটসোর্সিং প্রথা বন্ধ করে স্থায়ীভাবে কর্মচারী নিয়োগ ও দীর্ঘদিনের ঝুলে থাকা পদোন্নতি নিশ্চিত করার দাবি জানান তারা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষিভিত্তিক অর্থনীতির যে আধুনিক ও টেকসই ভাবনা, তা বাস্তবে রূপদানের জন্য কৃষি ব্যাংকে একটি বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন। দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের সঠিক মূল্যায়ন ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।
অবিলম্বে দাবিগুলো মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সিবিএ নেতারা। বিক্ষোভ শেষে একটি মিছিল ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ফ্লোর প্রদক্ষিণ করে।
দেশবার্তা/একে