ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
মামলা করলেন রাহুলের স্ত্রী, অভিযুক্ত প্রযোজক-পরিচালকসহ পাঁচজন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১৮:২০ আপডেট: ০৫.০৪.২০২৬ ১৮:৩০  (ভিজিটর : )

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি পদক্ষেপ নিলেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুটিং সেটে অব্যবস্থাপনা ও নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে প্রযোজনা সংস্থার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ওড়িশার তালসারি থানায় মামলা দায়ের করেছেন তিনি।

ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০ ও ৩(৫) ধারায় রুজু করা এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়কে। 

এ ছাড়া তালিকায় রয়েছেন পরিচালক শুভাশিস মণ্ডল, এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী।

অভিযোগপত্রে প্রিয়াঙ্কা উল্লেখ করেছেন, তালসারিতে শুটিংয়ের জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি সমুদ্রে শুটিং চলাকালীন শিল্পীদের নিরাপত্তার নূন্যতম ব্যবস্থাও রাখেনি প্রযোজনা সংস্থা। 

স্বামীর মৃত্যুর পাঁচ দিন পর মামলা করার কারণ হিসেবে প্রিয়াঙ্কা তাঁর চরম মানসিক বিপর্যয় ও শোকের কথা জানিয়েছেন। তিনি বলেন, যে মানুষটি সারা জীবন তাঁকে পথ দেখিয়েছেন, তাঁকে হারানোর ধাক্কা সামলে উঠতে সময় লেগেছে।

এদিকে রাহুলের মৃত্যুতে আলাদাভাবে সরব হয়েছে পশ্চিমবঙ্গের আর্টিস্ট ফোরামও। শনিবার বিকেলে কলকাতার রিজেন্ট পার্ক থানায় সংস্থাটির পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। সেখানেও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় প্রযোজনা সংস্থার গাফিলতির বিষয়টি তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনায় প্রাণ হারান রাহুল। দৃশ্যধারণের প্রয়োজনে সমুদ্রে নামলে ঢেউয়ের তোড়ে তলিয়ে যান তিনি। পরে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছিল এই অভিনেতার। 

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।