ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:৪৩
চলমান বার্তা:
বিয়ে করলেন বিশ্বের জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২০:১০ আপডেট: ২২.০৭.২০২৬ ২০:১১  (ভিজিটর : )

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের সঙ্গী ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে এ সুখবর জানান তিনি।

ছবির ক্যাপশনে মিস্টার বিস্ট লেখেন, “আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি। এটি ছিল আমার জীবনের সেরা দিন।”

বৃহৎ বাজেটের ভিডিও নির্মাণের জন্য পরিচিত হলেও নিজের বিয়ের অনুষ্ঠান তিনি রেখেছেন একেবারেই ব্যক্তিগত। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে থিয়া বয়সেন ফুল ও লেসের নকশা করা আইভরি-নুড রঙের গাউন পরেন। অন্যদিকে মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সেডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো বো-টাই।

এই দম্পতির বাগদান সম্পন্ন হয়েছিল ২০২৪ সালের ডিসেম্বরে। সে সময় এক সাক্ষাৎকারে মিস্টার বিস্ট জানিয়েছিলেন, বিয়ের প্রস্তাবকে তিনি ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। আলোচিত কোনো জনসমাগমে নয়, বরং ঘনিষ্ঠ পরিবেশেই সেই বিশেষ মুহূর্তটি তৈরি করতে চেয়েছিলেন তিনি।

জানা যায়, দক্ষিণ আফ্রিকায় এক অভিন্ন বন্ধুর মাধ্যমে জিমি ডোনাল্ডসন ও থিয়া বয়সেনের পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয় এবং একপর্যায়ে তা প্রেমে রূপ নেয়।

সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর জিমি থিয়াকে বিয়ের প্রস্তাব দেন। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন না করা পর্যন্ত তারা বিয়ের সিদ্ধান্ত স্থগিত রাখেন।

বিয়ের আগে দেওয়া এক সাক্ষাৎকারে থিয়া বয়সেন বলেন, তারা দীর্ঘদিন ধরেই ভবিষ্যৎ জীবন, পরিবার ও একসঙ্গে বার্ধক্যে পৌঁছানোর স্বপ্ন নিয়ে আলোচনা করে আসছেন। তার ভাষায়, এই বিয়ে তাদের সম্পর্কের স্বাভাবিক ও সুন্দর পরিণতি।

দেশবার্তা/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।