ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  সোমবার | ২০ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১৭:০৮
চলমান বার্তা:
বিশ্বকাপের বিরতিতে শাকিরার সঙ্গে এক মঞ্চে বিটিএস-বিবার
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১৬:৪৫  (ভিজিটর : )

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। তবে এবার শুধু মাঠের ফুটবলই নয়, গ্যালারি ও টিভি পর্দার দর্শকদের বাড়তি রোমাঞ্চ দিতে এক ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে ফিফা। আমেরিকান ফুটবলের জনপ্রিয় আসর ‘সুপার বোল’-এর আদলে এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের ফাইনালে আয়োজন করা হচ্ছে জমকালো ‘হাফটাইম শো’।

আজ রোববার বাংলাদেশ সময় রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে বিশ্বমুকুটের এই চূড়ান্ত লড়াই। প্রথমার্ধের খেলা শেষে বিরতির সময় প্রায় ১১ মিনিট ধরে চলবে তারকাখচিত এই বিশেষ সংগীতানুষ্ঠান। মাঠে মঞ্চ তৈরি এবং তা সরিয়ে নেওয়ার ঝক্কি থাকায় এবারের ফাইনালের বিরতির সময় সাধারণ ১৫ মিনিট থেকে বাড়িয়ে ১৭ মিনিট করা হয়েছে।

এই ঐতিহাসিক আয়োজনকে স্মরণীয় করে রাখতে বিশ্বসংগীতের একঝাঁক মহাতারকাকে এক মঞ্চে এনেছে ফিফা ও গ্লোবাল সিটিজেন। এবারের হাফটাইম শোতে পারফর্ম করবেন পপসম্রাট জাস্টিন বিবার, পপসম্রাজ্ঞী ম্যাডোনা, ল্যাটিন সেনসেশন শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত ব্যান্ড বিটিএস (BTS)। 

এছাড়া থাকছেন আফ্রোবিট তারকা বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস। পুরো অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধানের দায়িত্বে আছেন ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’র প্রধান গায়ক ক্রিস মার্টিন; কোল্ডপ্লেও থাকছে বিশেষ পরিবেশনা নিয়ে।

বিশ্বকাপের এমন মহতি উদ্যোগের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার। তিনি বলেন, ‘বিশ্বকাপ পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য কাজ করবে।’ 

অন্যদিকে এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী বার্না বয় জানান, ফাইনালের মঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করতে পারা তাঁর জন্য এক দারুণ অভিজ্ঞতা। ধারণা করা হচ্ছে, শাকিরার সঙ্গে গাওয়া তাঁর জনপ্রিয় গানটিও আজ রাতে পরিবেশন করা হবে।

সংগীত তারকাদের পাশাপাশি গ্যালারির খুদে দর্শকদের মাতাতে হাজির থাকবে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর চেনা চরিত্রগুলো। সেই সঙ্গে মঞ্চ কাঁপাবে ‘কারমিট দ্য ফ্রগ’ ও ‘মিস পিগি’।

ফিফা জানিয়েছে, এই আয়োজনের উদ্দেশ্য কেবল বিনোদন নয়, এর পেছনে রয়েছে মহৎ উদ্দেশ্য। হাফটাইম শো থেকে সংগৃহীত সব অর্থ ব্যয় করা হবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের লক্ষ্য নিয়েছে সংস্থাটি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্বে এই মুহূর্তে শিক্ষার চেয়ে বড় ও প্রয়োজনীয় আর কিছু হতে পারে না। তাই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলার সুযোগ বাড়ানোর এই মহৎ উদ্যোগে জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা এবং বিটিএস-এর মতো তারকাদের পাশে পেয়ে আমরা গর্বিত।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।