এক সময়ে গ্রাম-বাংলার শিশু-কিশোরদের অবসরের অন্যতম এক খেলা ছিল দাড়িয়াবান্ধা। বিশেষ করে বৈশাখ-চৈত্র মাসেই বড় গাছে ঘেরা খোলা প্রান্তরে দলবেঁধে দাড়িয়াবান্দা খেলায় মেতে উঠতো শিশু-কিশোরের দল। কালের বিবর্তনে হারিয়ে গেছে দাড়িয়াবান্ধা। হারিয়ে যাওয়া সেই দাড়িয়াবান্ধা খেলাই ফিরে এলো এবার মাদারীপুরের শিবচরে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষ্যে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা খেলা।
জানা গেছে, পহেলা বৈশাখে গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। খেলায় উপজেলা প্রশাসন ও সাধারন মানুষ দুই দলে ভাগ হয়ে অংশ নেয়। বিজয়ী হয় উপজেলা প্রশাসন দল। খেলা দেখতে মাঠের উভয় পাশে সারিবদ্ধভাবে দর্শনার্থীদের ভীড় দেখা যায়। ঐতিহ্যবাহী খেলাটি দেখে দর্শনার্থীরা খুব আনন্দিত হয়।
খেলা দেখতে আসা সাধারন দর্শকেরা জানান, দাড়িয়াবান্ধা খেলা এখনকার ছেলেমেয়েদের খেলতে দেখা যায় না। আজ থেকে ২৫/৩০ বছর আগে গ্রামে অবসর পেলেই দাড়িয়াবান্ধা খেলায় মেতে উঠতো নানা বয়সীরা। এক সময়ের অসংখ্য মজার খেলা হারিয়ে গেছে আজ। হারিয়ে যাওয়া সেই খেলা দেখে যেন শৈশবে ফিরে গেলাম।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, গ্রামীন ঐতিহ্যবাহী অনেক খেলাই এখন হারিয়ে গেছে। দাড়িয়াবান্ধা এর মধ্যে অন্যতম একটি খেলা। খেলাটি আয়োজনের উদ্যোগ নেয়ার পর কোট কিভাবে কাটতে হয় কেউ বলতে পারেনি। পরে গুগল ও ইউটিউবের সহযোগিতায় কোট তৈরি করা হয়। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ খেলাটি নিয়মিত চালু করার ব্যবস্থা করবো।
প্রতিনিধি/আরএইচ