বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চেয়ে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি এই আইনজীবীর পক্ষে বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী মো. লিটন আহমেদ এই রিটটি দায়ের করেন। রিটে আইন সচিব, বার কাউন্সিলের সচিব এবং ঢাকা জেলার ডেপুটি কমিশনারকে (ডিসি) বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, বর্তমানে কারাগারে বন্দি থাকায় নির্বাচনী মনোনয়নপত্রে সই করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন। এই অনুমতির জন্য গত ১২ এপ্রিল আবেদন করা হলেও জেলা প্রশাসন থেকে কোনো সাড়া মেলেনি। যথাযথ কর্তৃপক্ষের সাড়া না পেয়ে নির্বাচনের অধিকার নিশ্চিত করতে হাইকোর্টের আশ্রয় নেওয়া হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদের এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তফসিল ঘোষণার পর ১২ এপ্রিল নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে সুমনের পক্ষে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল।
দেশবার্তা/একে