দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৯৭ জন নতুন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৬৫ জনের শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে, যাদের মধ্যে ৩ হাজার ৪৪৩ জনের ক্ষেত্রে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত প্রায় এক মাসে দেশে হামের প্রাদুর্ভাব তীব্র হয়েছে। ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩২৬ জন। এর মধ্যে ১২ হাজার ৩৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এই সময়ের মধ্যে নিশ্চিত হামে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ বা সন্দেহভাজন হিসেবে মৃত্যু হয়েছে আরও ১৮১ জনের।
বর্তমানে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে সংক্রমণের হার বাড়তে থাকায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং শিশুদের টিকাদানের ওপর জোর দিতে পরামর্শ দেওয়া হয়েছে।
দেশবার্তা/একে