দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ৫ জন মারা গেছে এই রোগের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮২ জনের শরীরে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু।
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গত ১২ এপ্রিল সকাল ৮টা থেকে আজ ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। সব মিলিয়ে গত এক মাসে হামের লক্ষণ নিয়ে আসা ১৭ হাজার ২৪ জন শিশুর মধ্যে ১০ হাজার ৯৫৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাদের মধ্যে ল্যাব পরীক্ষায় ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ৩৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় যে দুই শিশু হামে মারা গেছে, তারা ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে, উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের। আক্রান্তের দিক থেকেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে; গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮২ জনের মধ্যে ৭৬ জনই ঢাকার। এছাড়া রাজশাহীতে ৪ জন এবং চট্টগ্রামে ২ জন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি বিভাগগুলোতে এই সময়ে নতুন কোনো রোগী শনাক্তের খবর পাওয়া যায়নি।
ক্রমবর্ধমান এই সংক্রমণ রোধে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার এবং উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
দেশবার্তা/একে