গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ১৮ এপ্রিল থেকে ২ মে ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি পালন করবে তারা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার কর্মসূচি চলবে।
কর্মসূচির বিস্তারিত জানিয়ে গোলাম পরওয়ার বলেন, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ২ মে প্রতিটি জেলা শহরে গণমিছিল করা হবে। ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে সেমিনারের আয়োজন করা হবে বলে জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় সংসদের বিরোধী দলের সদস্যদের কণ্ঠরোধ করে জনগুরুত্বপূর্ণ দাবি উপেক্ষা করা হচ্ছে। হাম পরিস্থিতি উদ্বেগজনক, স্বাস্থ্যখাত একেবারেই ভেঙে পড়েছে ও আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ব্যাংকগুলোতে নিজেদের সিন্ডিকেটের লোক বসিয়ে দখল করা হচ্ছে, প্রশাসনের মধ্যে নির্লজ্জভাবে দলীয়করণ করা হচ্ছে।
রাষ্ট্রীয় ক্ষমতা, পুলিশ, র্যাব দিয়ে ন্যায্য কোনো আন্দোলন মোকাবিলা করা যায় না উল্লেখ করে পরওয়ার বলেন, সরকার যদি মোকাবিলার পরিকল্পনাও করে, তাহলে অতীতের পরিণতি ভোগ করতে হবে।
দেশবার্তা/আরএইচ