দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। আজ বুধবার উত্তরের জেলা রাজশাহীতে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী ও খুলনা বিভাগসহ দেশের মোট ২৪টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। আজ রাজধানী ঢাকাতেও তাপপ্রবাহ অনুভূত হয়েছে। ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের মানদণ্ড অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সেই হিসেবে রাজশাহী ও খুলনা বিভাগের ১৮টি জেলা এবং আরও ৬টি জেলাসহ মোট ২৪টি জেলায় বর্তমানে এই পরিস্থিতি বিরাজ করছে।
অন্যান্য জেলাগুলোর মধ্যে দিনাজপুরে ৩৬ দশমিক ৫, রাঙামাটিতে ৩৬ দশমিক ৮, বান্দরবানে ৩৬ দশমিক ৭ এবং টাঙ্গাইল ও মাদারীপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি এবং ফরিদপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ থেকে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার তাপপ্রবাহের এই পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বৈশাখের এই তীব্র গরমে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে, বিশেষ করে শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে চরমে।
দেশবার্তা/একে