লক্ষ্মীপুর জেলা পরিষদের দখল হয়ে যাওয়া সব সম্পত্তি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু। তিনি বলেন, এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় জেলা পরিষদের বেদখল জমি ও স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রশাসক রামগঞ্জ উপজেলার জিয়া শপিং কমপ্লেক্সে জেলা পরিষদের জমির ওপর নকশাবহির্ভূতভাবে নির্মিত ১৩টি দোকান তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেন।
সাহাব উদ্দিন সাবু বলেন, জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম জোরদার করে লক্ষ্মীপুরকে একটি মডেল জেলায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে জেলা পরিষদের অনেক জমি ও স্থাপনা দখল হয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, বেদখল জমি উদ্ধার করা গেলে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় সড়কসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ